শিরোনাম:পূর্ব ভারতের অন্যতম শিল্প গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে পশ্চিমবঙ্গকে: শিল্পমন্ত্রী তাপস রায়
কলকাতা, ৮ জুলাই: পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের অন্যতম পছন্দের বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের মন্ত্রী তাপস রায়। মঙ্গলবার কলকাতার তাজ বেঙ্গল-এ মার্চেন্টস' চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MCCI) আয়োজিত এক সংবর্ধনা ও বিশেষ আলোচনাসভায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানের বিষয় ছিল— "How to Unleash Growth Potential of Bengal's Economy"।
মন্ত্রী জানান, রাজ্য সরকার একদিকে পাট ও চায়ের মতো ঐতিহ্যবাহী শিল্পের আধুনিকীকরণে জোর দেবে, অন্যদিকে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা সেন্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC)-এর মতো উদীয়মান শিল্পকে উৎসাহিত করবে। খুব শীঘ্রই নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
তাপস রায় বলেন, জাপানের মিতসুবিশি-র একটি প্রতিনিধিদল এদিন তাঁর সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। সম্ভাব্য স্থান হিসেবে দুর্গাপুর বা পানাগড় বিবেচনা করা হচ্ছে। চলতি মাসেই সংস্থার প্রতিনিধিরা ফের রাজ্যে আসবেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, শিল্পে বিনিয়োগ বাড়াতে ব্যবসা করার পরিবেশ আরও সহজ করা হবে এবং অন্যান্য রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজনীয় শিল্প প্রণোদনা দেওয়ার বিষয়টি নতুন শিল্পনীতিতে গুরুত্ব পাবে। পাশাপাশি শিল্পাঞ্চল, শিল্প করিডর এবং সিঙ্গল-উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান তিনি।
মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে শিল্পের পুনর্জাগরণ ঘটিয়ে যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি এবং রাজ্যের হারানো শিল্পগৌরব ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। পাশাপাশি লাভজনক সরকারি সংস্থাগুলিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ীদের চাঁদাবাজি ও সিন্ডিকেটের হাত থেকে সুরক্ষা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত ভাষণে MCCI-র সভাপতি প্রীতি এ. সুরেকা বলেন, রাজ্যে নতুন সরকারের কাছে শিল্পায়নের ক্ষেত্রে মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। তিনি বিদ্যুতের শুল্ক যৌক্তিক করার পাশাপাশি স্টার্ট-আপ ইকোসিস্টেমকে উৎসাহ দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন MCCI-র সিনিয়র সহ-সভাপতি মুনিশ ঝাঝারিয়া। তিনি পশ্চিমবঙ্গের অর্থনীতির উন্নয়নের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
Comments
Post a Comment